
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের সরকারি পুকুর দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে ২ কৃষক নিহতের ঘটনায় ৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহত সালামের ছেলে জব্বার বুধবার দুপুরে থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের সরকারি পুকুর দখল নিয়ে দীর্ঘদিন ধরে প্রভাবশালী দু’গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।
এরই জের ধরে সোমবার সকালে প্রতিপক্ষ পুকুর দখল করতে গিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়।
পুলিশ ৯৯৯ এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ওই গ্রামের কৃষক ইসমাইল হোসেন (৪৫) ও আব্দুস সালাম (৫০) মারা যান।
পুলিশ মঙ্গলবার ও বুধবার ভোর রাতে এলাকায় অভিযান চালিয়ে লিটন (৪০), আন্নাস (৪২), আছমত আলী (৪২), তরিকুল (৪১) ও আশরাফ আলী (৪৪)-কে গ্রেপ্তার করেছে।
সংঘটিত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে ওসি উল্লেখ করেন।