
পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আসামি মো. সুজন শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আবু সালেহ মো. সালাউদ্দিন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি মো. সুজন শেখ পাবনা সদর থানার লস্করপুর দক্ষিণপাড়ার মো. মনসুর আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই বেলা সাড়ে ১২টার গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের এসআই মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শহরের লস্করপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. সুজন শেখ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৬৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় একটি মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ৩১/০৮/২০২২ ইং তারিখে আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পুলিশ তদন্ত ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল পিপি) রাজিউল্লাহ সরদার রনজু রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এ রায় দিয়েছেন। আসামি গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর থেকে সাজা কার্যকরের বিষয়টি রায়ে স্পষ্ট করা হয়েছে।
আসামি পক্ষে ছিলেন আইনজীবী ইমতিয়াজ খান নিউটন।