ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পাগলা মসজিদে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক, আটক ২

পাগলা মসজিদে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক, আটক ২

কিশোরগঞ্জের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা করেছে স্থানীয় নিলাম সিন্ডিকেটের সদস্যরা। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন— চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)।

ভুক্তভোগী দুই সাংবাদিক জানান, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এই নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব দানের সামগ্রী ক্রয় করে আসছিল। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান দুই সাংবাদিকসহ চারজন সংবাদকর্মী। এ সময় একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ করে মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এ সময় দুই সাংবাদিক আহত হলে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঞা বলেন, সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে দুইজনকে সন্ধ্যায় আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযানের পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পাগলা মসজিদ,সংবাদ সংগ্রহ,হামলা,সাংবাদিক,আটক,কিশোরগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত