
সিরাজগঞ্জে ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কান্দাপাড়া হাটখোলা ও কামারখন্দ উপজেলার সলপ এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া হাটখোলা ও কামারখন্দ উপজেলার সলপ এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ অভিযানে নিম্নমানের খাদ্যপণ্য সরবরাহের অভিযোগে জনসেবা লিমিটেডের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঐতিহ্যবাহী সলপের ঘোল তৈরিতে দুধের সঙ্গে ক্ষতিকর ফরমালিন মেশানোর অভিযোগে মেসার্স সলপ ঘোল ও সাদেক খান দই ঘরের মালিক আব্দুল মালেককে ৩০ হাজার টাকা ও আব্দুল খালেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে ৩০০ কেজি ভেজাল দুধ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
অভিযানে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।