
নাটোরের সিংড়ায় বাঁশঝাড়ের নিচে মাটির নিচে পানির ট্যাংক থেকে ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে এই তেল মজুত করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীকে ৫ হাজার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) দুপুর ২টায় সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় এ অভিযান চলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত আদালত পরিচালনা করেন।
অভিযুক্ত ব্যবসায়ী মো. রুবেল (৩৪) ভাটোপাড়া মহল্লার বাসিন্দা ও মো. বেল্লাল হোসেনের ছেলে। তিনি সিংড়া থানা মোড় এলাকার জ্বালানি তেলের দোকান ‘সততা ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে থানা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে মাটির নিচে থাকা পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে প্রায় ১০ হাজার লিটার তেল উদ্ধার করা হয়।
অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।