
পাবনায় হঠাৎ করে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় জেলার কয়েকটি পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে। যে দুই একটি পাম্প খোলা আছে সেখানে মোটরসাইকেল-সহ যানবাহনের লম্বা লাইন। এতে যানবাহন চালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
শনিবার (৭ মার্চ) থেকে শুরু হয়ে রোববারেও (৮ মার্চ) এমন দৃশ্য দেখা যায়।
এদিকে সংকটের মধ্যেই অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে একটি অবৈধ তেল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অভিযানে পাম্পটিতে ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে বিপুল পরিমাণ তেল মজুতের প্রমাণ পাওয়া যায়। তবে পাম্প কর্তৃপক্ষ পেট্রোল মজুত ও বিক্রির বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ সময় পাম্পটির দেখভালের দায়িত্বে থাকা তার ভাই আব্দুল হান্নানকে জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, লাইসেন্স ছাড়া তেল মজুতের মতো গুরুতর অপরাধের পরও অভিযুক্তকে শুধু জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাম্পটির বিরুদ্ধে পাওয়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও বিষয়টি নজরদারিতে রাখা হবে। কাগজপত্র সংশোধন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।