
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার সময় ওই কর্মকর্তা পুলিশের পোশাক পরিহিত ছিলেন।
জানা গেছে, ভোর ৬টার দিকে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান মোটরসাইকেলে করে দায়িত্ব পালনকালে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র চাপাতি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। তবে সেই আঘাত তার শরীরে না লেগে মোটরসাইকেলের সামনের অংশে লাগে। এ সুযোগে অন্য দুই ছিনতাইকারী তার কোমরে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নেয়। পরে তারা দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনার পরপরই বিষয়টি জানাজানি হলে সদর মডেল থানা পুলিশ এলাকায় তৎপরতা বাড়ায়। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
স্থানীয়দের দাবি, নিতাইগঞ্জ এলাকার ওই অংশটি দীর্ঘদিন ধরেই ছিনতাইপ্রবণ হিসেবে পরিচিত। আশপাশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও ভোর কিংবা গভীর রাতে পথচারীরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।