
সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত নেতার অনুমোদনহীন কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে কারখানা মালিক কাওয়াকোলা ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলামকে ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ অভিযান চালান জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত কারখানা দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধের নামে কারখানা হলেও সেখানে হারপিক ও কয়েল প্রস্তুত করা হত এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গরু ও হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করা হত। পণ্যগুলোতে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা ছিল না।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রস্তুতকারী হিসেবে নজরুল ইসলামের কোম্পানির নাম লেখা ছিল এবং নিমের মাজনে কোনো নিমের উপাদান পাওয়া যায়নি।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানাটি সিলগালা করা হয় এবং কারখানা মালিককে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাবের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।