
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর। সেইসঙ্গে ২টি ভাটার চিমনি ও কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার দিনভর এ অভিযান পরিচালনা করেন পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এ অভিযান চালানো হয়।
এ অভিযানে মেসার্স আরএসবি ব্রিকসকে ৩ লাখ, মেসার্স বর্ণ ব্রিকসকে ২ লাখ, মেসার্স মামা-ভাগ্নে ব্রিকসকে ৫ লাখ, মেসার্স লামিয়া ব্রিকসকে ৩ লাখ, মেসার্স প্রত্যয় ব্রিকসকে সাড়ে ৩ লাখ ও মেসার্স এডিপি ব্রিকসকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সেইসঙ্গে মেসার্স আরএসবি ও বর্ণ ব্রিকসের চিমনি ও কাঁচা ইট ধ্বংস করা হয়।
এ সময় ওই অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম, র্যাব-১২, পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।