ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মাতাল ইউপি সদস্যের হামলায় চেয়ার-টেবিল ভাঙচুর, তদন্ত শুরু

মাতাল ইউপি সদস্যের হামলায় চেয়ার-টেবিল ভাঙচুর, তদন্ত শুরু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ৩নং জামতৈল ইউনিয়ন পরিষদ অফিসে মাতাল অবস্থায় এক ইউপি সদস্য হামলা চালিয়ে চেয়ারম্যানের চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কামারখন্দ থানার ওসি হাশমত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ‘আলোকিত বাংলাদেশ’-কে জানান, উক্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির বুধবার দুপুরে চেয়ারম্যানের কার্যালয়ে হামলা চালিয়ে এ ভাঙচুরের ঘটনা ঘটান। ধারণা করা হচ্ছে, তিনি মদ্যপ অবস্থায় এ হামলা চালিয়েছেন।

এ সময় ইউনিয়ন পরিষদে সেবামূলক কাজসহ অন্যান্য কার্যক্রম চলছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও জানা যায়নি।

এ ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিশেষ তদন্ত শুরু হয়েছে।

এ বিষয়ে ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছানোয়ার হোসেন বাবু বলেন, “উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক মিটিংয়ে ছিলাম। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ইউপি সদস্য হুমায়ুন কবির আমার রুমে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন।”

তিনি আরও বলেন, “এর আগেও তিনি মাতাল অবস্থায় আমার রুমে ঢুকে টাকা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় মাতলামিসহ গালিগালাজ করেন।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তদন্ত শুরু,চেয়ার-টেবিল ভাঙচুর,মাতাল ইউপি সদস্যের হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত