
রাজবাড়ীর গোয়ালন্দ-এ স্থানীয় গণমাধ্যমকর্মীদের সম্মানে শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার রমজান মাতুব্বর পাড়া এলাকায় অবস্থিত মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মেলন কক্ষে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সি, পরিচালক মো. সেলিম মুন্সি, গোয়ালন্দ প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদ এবং সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক রেজাউল করিমসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সাংবাদিকরা সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।
পরে মাগরিবের আজানের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।