
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-ঈশ্বরদী রেলপথের পাশে শিমুল ফুলের ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলের দিকে উপজেলার ঘাটিনা রেল ব্রিজের পাশে থাকা ফুলের ছবি তুলতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা বেলকুচি উপজেলার বাসিন্দা এবং সম্পর্কে খালাতো ভাই। তবে তাদের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
জিআরপি সিরাজগঞ্জ থানার ওসি দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ব্রিজের উভয়পাড়ে বসন্তের শিমুল ফুল ফুটে উঠছে। এ ফুল দেখতে ও সেলফি তুলতে যুবক যুবতীরা প্রতিদিন সেখানে ভিড় জমায়। বৃহস্পতিবার বিকেলের দিকে ওই ২ যুবক ব্রিজের পাশে শিমুল ফুলের ছবি তুলতে যায়। এ সময় দ্রুতগতিতে ঢাকাগামী একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ এখনও ঘটনাস্থলে অবস্থান করছে।
তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।