
সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী ফজল সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলের দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম এ কারাদণ্ড দেন।
ফজল সরকার রায়গঞ্জ উপজেলার পানাইগাতী গ্রামের প্রয়াত ছবদের আলীর ছেলে।
আদালতের এপিপি হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গ্রামের ফজল সরকারের সাথে একই এলাকার ক্ষুদ্র বাসুরিয়া গ্রামের নুর মহলের বিয়ে হয়। এ বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০২১ সালে তাদের মধ্যে ডিভোর্স হয়। এক পর্যায়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তারা আবারও বিয়ে করে সংসার শুরু করে এবং ২৬ জুন একই এলাকার লক্ষীখোলা ব্রিজের পাশে একটি ইউক্যালিপটাস গাছ থেকে নুর মহলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের ভাই ইয়াকুব হোসেন বাদী হয়ে স্বামীকে আসামি করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। এ মামলার তদন্ত শেষে পুলিশ স্বামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।