
রাজবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেল নিতে এসে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টা ৯ মিনিটের দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থিত সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়া এলাকার ইদ্রিস পাটোয়ারীর ছেলে সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে স্বপন মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার ট্রাকে তেল নেওয়ার জন্য সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এসে ট্রাক থেকে নেমে ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন।
একই সময় ঢাকা থেকে বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়া ট্রাকটি পাম্পে সিরিয়ালে রেখে সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মাহেন্দ্র গাড়ি ফুয়েল ডিসপেনসার থেকে তেল নিচ্ছিল। হঠাৎ একটি ট্রাক বেপরোয়া গতিতে ফিলিং স্টেশনে ঢুকে পেছন দিক থেকে মাহেন্দ্র গাড়িটিকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রর সামনে দাঁড়িয়ে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়াকে চাপা দেয় ট্রাকটি।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
নিহতদের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।