
মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের পর আবির হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে নলবুনিয়াকান্দি এলাকার গুদারাঘাট সংলগ্ন নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবির মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়-এর নবম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার সৈয়দপুর এলাকার মো. আকতার হোসেনের ছেলে। এর আগে রোববার দুপুরে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল সে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চার বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন সাঁতরে উঠতে পারলেও আবির হোসেন নিখোঁজ হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১০ মিনিটে প্রায় ২০ ফুট পানির নিচ থেকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে এ ঘটনায় স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।