
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ-এ খাদ্যবান্ধব কর্মসূচির জব্দকৃত ১৪ বস্তা সরকারি চাল আজ অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার ১নং সদর ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে জুবায়ের (২২) নামের এক ব্যক্তির বাড়ি থেকে ১৪ বস্তায় মোট ৪২০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছিল।
১৫ টাকা কেজি দরের এই চাল অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে অভিযানে প্রমাণিত হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার সেই জব্দকৃত চাল উপজেলার বিভিন্ন এলাকার প্রকৃত অসহায় ও গরিব মানুষের মাঝে জনপ্রতি ৪ কেজি করে বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “আমরা সরকারি চাল চুরির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। জব্দকৃত চালগুলো কোনো মধ্যস্বত্বভোগীর হাতে না রেখে আজ সরাসরি প্রকৃত সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। সরকারি এই চাল নিয়ে যারা ছিনিমিনি খেলবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের এই ধরনের অভিযান এবং তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।”