ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জ জেলা পরিষদের হবে জনবান্ধব প্রতিষ্ঠান: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের হবে জনবান্ধব প্রতিষ্ঠান: মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদকে জনসাধারণের কাছে আরও কার্যকর ও দৃশ্যমান প্রতিষ্ঠানে পরিণত করার প্রতিশ্রুতি দিয়ে নবনিযুক্ত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, জেলা পরিষদের কাজ কী এটা অধিকাংশ মানুষই ঠিকমতো জানেন না। আমি এই প্রতিষ্ঠানকে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এই প্রতিষ্ঠান হবে জনবান্ধব প্রতিষ্ঠান।

সোমবার (১৬ মার্চ) নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এর আগে, রোববার তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মামুন মাহমুদ বলেন, জেলা পরিষদকে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা তার প্রধান লক্ষ্য। তিনি মনে করেন, অতীতে জেলা পরিষদের কার্যক্রম সাধারণ মানুষের কাছে খুব একটা দৃশ্যমান ছিল না। সেই জায়গা থেকেই তিনি পরিবর্তনের উদ্যোগ নিতে চান।

তিনি বলেন, জেলা পরিষদকে আমি জনমানুষের প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। যাতে এই প্রতিষ্ঠানের কার্যক্রম মানুষ সরাসরি অনুভব করতে পারে এবং এর সুফল পায়।

মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে। বিশেষ করে বিগত সরকারের সময় কিছু এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল বলে তিনি মনে করেন। শুধু ফতুল্লা নয়, নারায়ণগঞ্জের আরও অনেক এলাকা রয়েছে যেগুলো নানা কারণে বৈষম্যের শিকার হয়েছে। আমরা সেই জায়গাগুলো খুঁজে বের করব, বলেন তিনি।

তিনি জানান, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সেবামূলক কার্যক্রমের উন্নয়নে জেলা পরিষদকে আরও সক্রিয় করা হবে। তাঁর ভাষায়, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা কিংবা স্থানীয় অবকাঠামো— যেখানে প্রয়োজন রয়েছে, সেখানে উন্নয়ন কাজ করার পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জে উন্নয়নের ভারসাম্য প্রতিষ্ঠা করতে চান বলে জানান তিনি।

মামুন মাহমুদ তার বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটেরও উল্লেখ করেন। তিনি বলেন, অতীতে দেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ ছিল যেখানে শক্তির প্রভাব বেশি ছিল।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ‘জোর যার মুল্লুক তার’ নীতি ছিল বলে মন্তব্য করেন তিনি। সেই সময় বৈষম্যের রাজনীতি হয়েছে। কিন্তু এখন আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।

তিনি বলেন, জেলা পরিষদ এই লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে এবং নারায়ণগঞ্জের মানুষ যাতে উন্নয়নের সুফল সমানভাবে পায় সে বিষয়ে কাজ করা হবে।

নবনিযুক্ত প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হলেও এখানকার মানুষের নানা সমস্যা রয়েছে। জলাবদ্ধতা, অবকাঠামোগত দুর্বলতা, সামাজিক সেবার ঘাটতি এসব সমস্যা সমাধানে জেলা পরিষদকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নারায়ণগঞ্জের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে জেলা পরিষদ কাজ করবে।

তিনি জানান, জেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় মানুষের নজরদারির মধ্যেই উন্নয়ন কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করেন তিনি।

মামুন মাহমুদ আরও বলেন— ন্যায়বিচার ও সততার ভিত্তিতে জেলা পরিষদের কার্যক্রম পরিচালিত হবে। অতীতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হবে।

মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের অনেক খাত রয়েছে যেগুলো এখনো পর্যাপ্ত মনোযোগ পায়নি। বিশেষ করে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় অবকাঠামোর কিছু ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন। তিনি বলেন, জেলা পরিষদের মাধ্যমে অবহেলিত খাতগুলোয় উন্নয়ন কার্যক্রম জোরদার করার চেষ্টা করব।

তার মতে, জেলা পরিষদের নিজস্ব অর্থায়ন ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এসব কাজ বাস্তবায়ন করা সম্ভব।

নারায়ণগঞ্জ,জেলা পরিষদ,মামুন মাহমুদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত