
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ রানা অতর্কিত হামলার শিকার হয়েছেন। এ হামলায় অফিস ভাঙচুর ও নথিপত্র ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। ওই ইউনিয়ন পরিষদের সদস্য আবু রায়হান গং এ হামলা চালায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ওই ইউনিয়ন পরিষদে গতকাল বিকেলে ভিজিএফের চাল বিতরণ চলছিল।
এ চাল বিতরণকালে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য বহিরাগত লোকজন নিয়ে তার ওপর এ হামলা চালানো হয়।
এ সময় তাকে মারধর করা হয় এবং অফিসে ভাঙচুর করে গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এর আগেও সাবেক ইউপি প্রশাসককে হেনস্থার অভিযোগে ওই ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এ বিষয়ে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু বকর মাতব্বর আলোকিত বাংলাদেশকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।