অনলাইন সংস্করণ
১১:৩৫, ১৮ মার্চ, ২০২৬
পরিবারের জন্য ঈদের নতুন পোশাক ও উপহার নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন কয়েকজন যাত্রী। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার সেই যাত্রা মুহূর্তেই রূপ নেয় শোকে। বিকট বিস্ফোরণ ও আগুনে পুড়ে নিভে যায় তিনটি প্রাণ, আর আহত হন আরও কয়েকজন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালকসহ তিনজন নিহত হন এবং দগ্ধ ও আহত হন আরও ৯ জন।
নিহতরা হলেন শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে রয়েছে শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রোবাসটি ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের তীব্রতায় যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল খুবই সীমিত বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গাড়ির ভেতরেই পুড়ে মারা যান চালক।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে শেরপুর ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। এতে মৃতের সংখ্যা দাঁড়ায় তিনে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।