অনলাইন সংস্করণ
১৬:৩৫, ১৯ মার্চ, ২০২৬
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈদে পাবনার ঈশ্বরদী উপজেলায় ইটভাটার জন্য কৃষিজমি ও ফসলি জমি থেকে রাতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। কৃষিজমি ও ফসলি জমি রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বুধবার (১৯ মার্চ) গভীর রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাত্রিকালীন অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে নির্বিচারে মাটি কাটার ফলে উর্বর কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জমির ফসল উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয় প্রশাসন থেকে ইটভাটার জন্য কৃষি ও ফসলি জমি থেকে মাটিকাটা বন্ধে পদক্ষেপ গ্রহণ করলে শুরু হয় রাতে মাটিকাটা। এসব অনিয়ম প্রতিরোধে রাতের এই অভিযান আরও জোরদার করা হবে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ভবিষ্যতে কেউ অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্থানীয় জনগণকে সচেতন হয়ে এমন কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।
রাতের এ অভিযানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন।