ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

কিশোরকে হত্যার জেরে প্রতিপক্ষের শতাধিক ঘর ভাঙচুর-লুটপাট

কিশোরকে হত্যার জেরে প্রতিপক্ষের শতাধিক ঘর ভাঙচুর-লুটপাট

কিশোরগঞ্জের ভৈরবে পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিপক্ষের শতাধিক বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার উপজেলার লুন্দিয়া গ্রামে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বেশ কয়েক বছর যাবত ওই গ্রামের পাগলা বাড়ি ও শেখ বাড়ির মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

এ বিরোধের জেরে গত ২৩ মার্চ পাগলা বাড়ির ইমান হোসেন নামে এক কিশোর রাতে বাবার মোবাইল ফোনের জন্য দোকানে মিনিট কার্ড কিনতে গেলে শেখ বাড়ির লোকজন তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় ইমান হোসেন গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৭৯ জনকে আসামি করে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা।

এ মামলায় গ্রেফতার এড়াতে শেখ বাড়ির লোকজন পালিয়ে গেলে পাগলা বাড়ির লোকজন শেখ বাড়ির লোকজনের বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।

আজ মঙ্গলবার ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও পুলিশ।

পরিদর্শন শেষে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ বলেন, “হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তরা পালিয়ে গেছে। আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি। অভিযান অব্যাহত আছে। ভাঙচুর-লুটপাটের বিষয়ে অভিযোগ পেলে এ ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।”

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ বলেন, “এখানে দুই পক্ষের যে দ্বন্দ্ব, সেটা দীর্ঘদিনের। কিছুদিন স্থিমিত থাকে, আবার কোনো একটি উসিলায় জেগে ওঠে। হত্যাকাণ্ডের ঘটনায় যে ভাঙচুর হয়েছে, তা ঠিক হয়নি। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে।”

ঘর ভাঙচুর-লুটপাট,কিশোরকে হত্যা,কিশোরগঞ্জের ভৈরব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত