
সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় রাজবাড়ীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের ডিভাইডারে সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রাজবাড়ী সড়ক বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, এন-৭ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে আগামী এক বছরের মধ্যে জেলা জুড়ে ২ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান এবং সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শিশির কুমার বড়ালসহ অন্যান্য কর্মকর্তারা।