ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় তরুণদল নেতাসহ ৩ আসামি, গ্রেপ্তার ১

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় তরুণদল নেতাসহ ৩ আসামি, গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশা উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রাশেদুজ্জামান রাশেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজন আসামি পলাতক রয়েছে, যাদের মধ্যে একজন স্থানীয় তরুণদল নেতা।

গ্রেপ্তার রাশেদুজ্জামান রাশেদ পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ধানুরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

তিনি এ মামলার ২ নম্বর আসামি। মামলার প্রধান আসামি পাংশা পৌর তরুণদলের সভাপতি হাসিবুর রহমান অন্তর এবং ৩ নম্বর আসামি তার গাড়িচালক বরকত মুন্সি বর্তমানে পলাতক রয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গত বুধবার (৩১ মার্চ) রাত দেড়টার দিকে পাংশা শহরের দত্ত মার্কেট এলাকার সামনে থেকে অভিযান চালিয়ে রাশেদুজ্জামান রাশেদকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মো. আব্দুল গনি।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগী নারী কুষ্টিয়া থেকে পাংশায় এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে আসেন। পরে কুষ্টিয়ায় ফেরার জন্য পাংশার মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষা করার সময় আসামিরা তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়।

এরপর বিভিন্ন স্থানে ঘোরানোর পর মাইক্রোবাসের ভেতরে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে তাকে কুষ্টিয়া সদর উপজেলার একটি নির্জন স্থানে ফেলে রেখে যায় আসামিরা। পরে অসুস্থ অবস্থায় তিনি কুষ্টিয়া সদর থানায় যান এবং সেখান থেকে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নেন। পরবর্তীতে ৩১ মার্চ রাতে তিনি পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।

ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ১,নেতাসহ ৩ আসামি,ধর্ষণ মামলা,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত