ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত

পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত

পাবনার ঈশ্বরদীতে একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে উজ্জ্বল হোসেন (৩৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার আরমবাড়িয়া এলাকায় মুনসুর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত উজ্জ্বল হোসেন উপজেলার সাঁড়া ইউনিয়নের পুরাতন রেললাইন এলাকার আকমল হোসেনের ছেলে।

আহত উজ্জ্বল হোসেন জানান, সকালে মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য তিনি ওই ফিলিং স্টেশনে যান। সেখানে তেলের জন্য বিশৃঙ্খলা দেখে তিনি উপস্থিত সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পর্যায়ক্রমে তেল নেওয়ার অনুরোধ করেন। এ নিয়ে সেখানে থাকা কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে পেছন থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে ছুরিকাঘাতে জখম করে রক্তাক্ত করে দ্রুত পালিয়ে যায়।

ওই সময় পাম্পে উপস্থিত থাকা মোটরসাইকেল চালক মিজানুর রহমান জানান, প্রায় তিন শতাধিক মোটরসাইকেল চালক তেলের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ মারামারি শুরু হলে দেখা যায় একজনের শরীর থেকে রক্ত ঝরছে। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, সকালে রক্তাক্ত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সরাসরি ছুরিকাঘাত নয়, ধারালো কাচ জাতীয় কিছুর আঘাত হতে পারে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাম্প,তেল,যুবক,ছুরিকাঘাত,ঈশ্বরদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত