ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার

‘ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত থাকে’

‘ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত থাকে’

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বলেছেন, ডাকাত গ্রেপ্তারের আগেই তাদের আইনজীবী প্রস্তুত থাকে। জামিনের পর ভিন্ন নামে আবারও ডাকাতিতে জড়িয়ে পড়ে তারা।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে মানিকগঞ্জের দুই প্রতিষ্ঠানে কোটি টাকার মালামাল ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মহরম আলী বলেন, গত মাসের ২০ তারিখে শিবালয় থানার আসতিয়া পেপার এন্ড বোর্ড মিলে ডাকাতি হয়। একই মাসের ২৩ তারিখে ঘিওর থানার অ্যাডভান্স অ্যাটায়ার কারখানায় ডাকাতি হয়। এসব ঘটনায় ১৪ লাখ ও দেড় কোটি টাকা মূল্যের মালামাল লুট হয়। ক্লু লেস এসব ঘটনার তদন্তে নামে পুলিশ এবং দ্রুত ৮ জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়।

তিনি জানান, ঈদুল ফিতরের ছুটির মধ্যে ২৩ মার্চ গভীর রাতে আসতিয়া বোর্ড এন্ড পেপার মিল এবং অ্যাডভান্স অ্যাটোয়ার লিমিটেড নামীয় পোশাক কারখানায় সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা কারখানায় প্রবেশ করে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং হাত-পা বেঁধে ফেলে। পরে কারখানার মূল্যবান যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জামাদি, মোবাইল ফোন, কম্পিউটার ও সিসি ক্যামেরার যন্ত্রাংশ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করলে মানিকগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ, ঢাকার আশুলিয়া, গাজীপুর সহ বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মাসুদ রানা, মোহাম্মদ সাজেদুল ইসলাম ওরফে সাজিদ, মো. সাগর প্রামানিক, মো. আক্তার হোসেন, মোহাম্মদ আল-আমিন, আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন এবং আব্দুস সালাম।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, শিল্প কারখানার যন্ত্রপাতি, কম্পিউটার, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি, চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মানিকগঞ্জ,অতিরিক্ত পুলিশ সুপার,ডাকাত,গ্রেপ্তার,আইনজীবী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত