
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সরকারি বরাদ্দের পাটের বীজ বিক্রির অভিযোগে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও এক দোকানদারকে প্রায় ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কাজিপুর থানার ওসি এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংশ্লিষ্ট কৃষি বিভাগ সরকারিভাবে প্রান্তিক পাটচাষিদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ২৩০ প্যাকেট পাটের বীজ বরাদ্দ দেয়। কিন্তু সেই বীজ বিতরণ না করে তা দোকানদারের কাছে বিক্রি করা হয়।
শুক্রবার বিকেলে ওই বীজসহ কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম ও স্থানীয় দোকানদার গোলামকে আটক করেন স্থানীয় লোকজন। এ সংবাদে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান রাতে ঘটনাস্থল চরবানিয়াগাতী বাজারে গিয়ে অভিযোগের সত্যতা পান।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই কৃষি কর্মকর্তাকে ৫০ হাজার টাকা এবং দোকানদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে মুচলেকাও নেওয়া হয়।
এ সময় পুলিশ কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।