ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ঝড়ে টিনের চাল পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝড়ে টিনের চাল পড়ে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মধ্যে রাতে ঝড়ে ঘরের টিনের চাল ধসে পড়ে সিরাজ উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। এর আগে, সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজ উদ্দিন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কনুরা গ্রামের মৃত গাজী রহমানের ছেলে। তিনি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে বাঁশের সিলিং তৈরির কাজ করতেন।

নিহতের ছেলে শাহীন আলম জানান, তার বাবা ছাতির বাজার এলাকায় তাজউদ্দিন নামে এক ব্যক্তির জায়গা ভাড়া নিয়ে সেখানে অস্থায়ী টিনশেড ঘর নির্মাণ করে বসবাস ও কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতেও খাওয়া- দাওয়া শেষ করে ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ প্রবল ঝড় শুরু হলে ঘরের ওপর গাছের ডাল ভেঙে পড়ে। এতে টিনের চাল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়। পরে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

শ্রীপুর থানার ওসি (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনেরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

ঝড়,টিনের চাল,বৃদ্ধের মৃত্যু,শ্রীপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত