
সিরাজগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ৩৬ মণ পচা মুরগির মাংস উদ্ধার করা হয়েছে। এসময় পচা মাংস সংরক্ষণ ও বিক্রির দায়ে দুইজনকে ১৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে উপজেলার হাট সারুটিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার দিকে উল্লেখিত বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বাবলুর ডিপ ফ্রিজ থেকে ২৭ মণ ও মোহাম্মদ আলীর ডিপ ফ্রিজ থেকে ৯ মণ মুরগির পচা মাংস উদ্ধার করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ওই টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা মাংস মাটিতে পুঁতে ফেলে নষ্ট করা হয়েছে।
এ সময় অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।