
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীতে নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্র আব্দুল্লার (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে যমুনা নদীর ভাটি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে, গত মঙ্গলবার বিকেলে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।
নিহত আব্দুল্লা ওই উপজেলার নাটুয়ারপাড়া চরের লিটনের ছেলে এবং স্থানীয় হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
কাজিপুর থানার ওসি এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার বিকেলে ওই স্কুলছাত্র চরাঞ্চলে ফুটবল খেলে বন্ধুদের সাথে যমুনা নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সে যমুনার স্রোতে ভেসে যায়। এ সময় বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এক পর্যায়ে সে নদীতে ডুবে যায় এবং নিখোঁজ হয়। ওইদিন রাতে যমুনায় বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয় ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থল ও ওই এলাকায় উদ্ধার অভিযান চালায়। এরপরও ওই স্কুল ছাত্রের সন্ধান মেলেনি। শেষে নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার দুপুরের দিকে যমুনা নদীর ভাটি এলাকায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় আনে। কোনো অভিযোগ না থাকায় বিকেলে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।