
রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন খান (৪২) নামে এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তারখানা এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লিটন খান সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে। তিনি পেশায় রিক্সাচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় ইসমাইল নামে এক যুবক সকালে নদীতে গোসল করতে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যার পর রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন লিটন খান। রাত ১০টার দিকে তাকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। পরে রাত ১১টা ও রাত ২টা পর্যন্ত একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। একপর্যায়ে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকালে নদীতে লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা লিটন খানের মরদেহ শনাক্ত করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, “নৌপুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।”