
নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদল নেতা শাওন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি আরিফ চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বাসিন্দারা।
আজ সোমবার দুপুরে মাধবদী নুরালাপুর ইউনিয়নের সামনে সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আনন্দী চৌরাস্তা মোড়ে সাবেক মেয়র মোশারফ হোসেন মানিক, তার ভাগিনা ও তাদের সহযোগিতায় প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে আরিফ চেয়ারম্যান এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।
এ সময় ছাত্রদল নেতা শাওন শাহাদাত বরণ করেন। এ ঘটনায় মাধবদী থানায় শাওনসহ একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। তবে অভিযোগ রয়েছে, মামলার আসামিরা এখনও প্রকাশ্যে ঘোরাফেরা করছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও অভিযোগ করেন, আরিফ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার অনুসারীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, জুলুম ও নির্যাতন চালানো হয়। এ বিষয়ে এক ব্যবসায়ী তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন বলেও জানা যায়।
হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে অসদাচরণ ও দায়িত্বে অনুপস্থিত থাকার কারণে আরিফকে নুরালাপুর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন পলাতক থাকলেও আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করছে।
মানববন্ধন থেকে দ্রুত আরিফ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকল আসামিকে গ্রেপ্তার এবং শাওন হত্যাসহ অন্যান্য ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।