
চাঁপাইনবাবগঞ্জে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলা হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালটিতে মোট ৭৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার হাসপাতাল থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়েছে, চিকিৎসাধীন এই ৭৩ জনের মধ্যে ৩৩ জন ছেলে এবং ৪০ জন মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত সেখানে ৫৫ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে ৩১ জন ছেলে এবং ১৯ জন মেয়ে।
একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন রোগী এবং ১ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের শুরু থেকেই এই অঞ্চলে হামের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে।
পরিসংখ্যানে দেখা গেছে, গত ১ জানুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত জেলা হাসপাতালে সর্বমোট ৬২৭ জন রোগী ভর্তি হয়েছেন।