
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
সকাল ৯টায় বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী একাডেমিক ভবন-২-এ গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বৈশাখী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস. এম. হাসান তালুকদার। এ সময় তিনি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে পহেলা বৈশাখ ১৪৩৩-এর শুভেচ্ছা জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। এটি সাম্য, সম্প্রীতি ও ঐক্যের বার্তা বহন করে। নতুন বছর মানুষের অধিকার, ন্যায়বিচার ও সমতার প্রত্যাশা নিয়ে আসুক—এমন আশা প্রকাশ করেন তিনি।
পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে শোষণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান।
পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-২ প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং নিজেদের সৃজনশীলতা তুলে ধরে। উপাচার্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এছাড়া দিনব্যাপী শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুমন কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ ফিরোজ আহমদ, ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, আবাসিক হলের প্রভোস্ট ও হাউজ টিউটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।