
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় ওই বাজারের সদাগর এক্সপ্রেস লিঃ ট্রান্সপোর্টের ম্যানেজার সোহাগকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার রাতে ওই ট্রান্সপোর্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই ট্রান্সপোর্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বুকিং নেয়া ২৭০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জনসম্মুখে জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
অভিযানে জেলা মৎস্য অফিসার মো. ফজলুর রহমান, মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান ও মৎস্য অফিসার মো. আতাউর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।