ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া এলাকায় ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টার দিকে প্রথম শ্রেণির ছাত্রী আতিকা আক্তার (৭), পিতা দুদল মিয়া, মাতা আরিফা আক্তার, বাড়ির পাশেই প্রতিবেশীর একটি অনুষ্ঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

পরিবার ও স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারেন, প্রতিবেশী নাঈমের ছেলে কিশোর নাঈম (১৫)-এর সঙ্গে শেষবার তাকে দেখা গেছে। পরে নাঈমকে জিজ্ঞাসাবাদ করলে সে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখান থেকেই আতিকা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তবে এ সময় নাঈম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা নাঈমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তার পিতা পান্নু (৪৫), ভাই নাজমুল (২২), চাচাতো ভাই রনি (২৬) ও তাদের স্বজনদের ধাওয়া করে মারধর করা হয়। এ সময় দুজনকে গুরুতর আহত অবস্থায় পাশের পুকুরে ফেলে দেওয়া হয় বলে জানা গেছে। পরে পুকুর থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন পান্নু ও তার স্বজন ফারুক।

আহত নাজমুলকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ।

নিহত ২,গণপিটুনি,শিশুর মরদেহ উদ্ধার,ভুট্টাক্ষেত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত