
রাজশাহীর পুঠিয়ায় মুদি দোকানের ক্যাশ থেকে টাকা চুরিতে বাধা দেওয়ায় ব্যবসায়ী মামুনুর রশিদ জুয়েল (৫২)-কে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মাইনুল ইসলাম (২৫)-কে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরে কাউন্সিল রোডে এ ঘটনা ঘটে।
নিহত মামুনুর রশিদ জুয়েল পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের আনছারের ছেলে।
ঘাতক মাইনুল একই উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতো শুক্রবার সকালে কাউন্সিল রোডে তার মুদিখানার দোকান খোলে। তার দোকানের বিপরীত থেকে মাংস কিনে দোকানে নিয়ে প্যাকেট করছিলেন তিনি।
এসময় মাইনুল ইসলাম (২৫) দোকানে প্রবেশ করে দোকানের ক্যাশ থেকে টাকা বের করার সময় জুয়েল দেখে প্রতিবাদ করলে তার সাথে মাইনুলের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুড়ি দিয়ে জুয়েলের বুকে আঘাত করে। জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে। সে সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত মাইনুলকে পালানোর সময় আটক করে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সাথে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাই ফাইম বাদী হয়ে একটি মামলা করেছেন। সেই মামলায় তদন্তকারী অফিসার এসআই ইমরানকে দায়িত্ব দেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আসামি মাইনুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।