
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, টিকাদানের মাধ্যমেই কেবলমাত্র হামকে প্রতিরোধ করা সম্ভব। তবে অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতির কারণে এ টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরের দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হাম-রুবেলার টিকাদান কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এর আগে ২০২০ সালের পর ২০২৫ সালে আরেকটি জরুরি টিকাদান হওয়া উচিত ছিল। এ জরুরি টিকাদান সে সময় হয়নি। তার আগের ১৫ বছরে স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি হয়েছিল। এতে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরাও কাজ করার সুযোগ পায়নি এবং অনেকের বেতন-ভাতা নিয়েও সমস্যা হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। দ্রুত এ রোগের চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুঁকিপূর্ণ, দ্বিতীয় ধাপে ৫টি মহানগরীতে টিকাদান শেষে আজ থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হল। এ কর্মসূচিতে ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকা দেওয়া হবে।
এ সময় সিভিল সার্জন ড. মো. নুরুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ড. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।