
স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (এমপি) বলেছেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে মায়েদের ভূমিকা অন্যতম। এছাড়া হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার জিন্দা পার্ক লিটল এনজেলস সেমিনারে হাম ও রুবেলা টিকাদান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করা। শুধু ঔষধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। সবচাইতে বেশি কার্যকরী ওষুধ মায়ের দুধ। মায়ের দুধ পান করলে বাচ্চার বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনেক মায়েরা বিভিন্ন কারণে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান না। মায়ের দুধ পান করলে বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
এ সময় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, অতীত সরকারগুলোর ব্যর্থতার কারণে আমরা ভীত হয়ে পড়েছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা জরুরি টিকাদান কর্মসূচি শুরু করতে পেরেছি। বিগত ফ্যাসিস্ট সরকার ব্যাংকগুলো খালি করে রেখে গেছে। আমাদের ফান্ডের দুর্বলতা সত্ত্বেও আমরা পরিস্থিতি সামাল দিতে পেরেছি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। প্রথম শিশুর মৃত্যুর পরপরই আইসিইউ সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে। পূর্ববর্তী সরকার পর্যাপ্ত টিকা মজুত রেখে যায়নি, তবে দ্রুত গ্যাভি (ভ্যাকসিন অ্যালায়েন্স) ও ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ করা হয়েছে।
এদিকে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জ একটি শিল্প এলাকা। এখানে লাখ লাখ মানুষের বসবাস। আর এসব মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে সরকারিভাবে হাসপাতালে ডাক্তার, ওষুধ ও সয্যা বৃদ্ধি করতে হবে। এ কারণেই রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট থেকে ১০০ থেকে ২০০ শয্যায় উন্নতিকরনের দাবি করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (এমপি) আগামী বাজেটে রূপগঞ্জে ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স তিনি করে দেবেন বলে আশ্বস্ত করেন। যাতে রূপগঞ্জের সাধারণ মানুষ সকলে চিকিৎসাসেবা নিতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ ডা. রাজেশ নরওয়ে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস-সহ অন্যান্যরা।