ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

নারায়ণগঞ্জে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পর ওই পরীক্ষা বাতিল করে নতুন সিলেবাসের প্রশ্নে পুনরায় পরীক্ষা নেওয়া হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের তিনটি কক্ষে মোট ১৭৭ জন পরীক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তারা দায়িত্বরত শিক্ষকদের অবহিত করলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে ভুল স্বীকার করে প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয় এবং অতিরিক্ত দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, অতিরিক্ত সময় দেওয়া হলেও নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই তাদের কাছ থেকে খাতা নিয়ে নেওয়া হয়েছে, যা তাদের জন্য আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

অভিভাবকরাও এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারের দায়িত্বহীনতার কারণেই এমন বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তারা বলেন, এ ধরনের ভুলের প্রভাব যদি শিক্ষার্থীদের ফলাফলে পড়ে, তবে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত দ্রুত হস্তক্ষেপ করেন। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে নতুন সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ নিশ্চিত করেন এবং অনুমোদনক্রমে পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১ ঘণ্টা ৪০ মিনিট সময় বৃদ্ধি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, ভুলক্রমে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রণীত প্রশ্ন নতুন পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছিল। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে কেন্দ্র সচিব আব্দুল মতিন সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ,ভুল প্রশ্নপত্রে,এসএসসি পরীক্ষা,কেন্দ্র সচিব,অব্যাহতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত