ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বৃদ্ধ অটোভ্যান চালককে হত্যা, যানবাহন ছিনতাই

সিরাজগঞ্জে বৃদ্ধ অটোভ্যান চালককে হত্যা, যানবাহন ছিনতাই

সিরাজগঞ্জের সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় বৃদ্ধ অটোভ্যান চালক জাহের আলী আকন্দ (৬৫)-কে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তিনি একই উপজেলার রঘুনাথপুর গ্রামের ইনসাফ আকন্দের ছেলে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরদিন মঙ্গলবার সকালে ফুলজোড় নদীর তীরবর্তী কালিকাপুর এলাকায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

সলঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে এবং পরে অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার পর বিকেলে পুলিশ একই উপজেলার ধোপাপাড়া বাজার এলাকা থেকে ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করেছে।

এ ঘটনায় নিহতের ছেলে বাবলু আকন্দ বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে জড়িতদের শনাক্তে বিশেষ অভিযান শুরু করেছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে।

যানবাহন ছিনতাই,অটোভ্যান চালককে হত্যা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত