ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হবিগঞ্জ সীমান্তে ভারতীয় মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

হবিগঞ্জ সীমান্তে ভারতীয় মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে। এর মধ্যে মাদকসহ শুভ পাইনকা (১৯) নামে এক জন আটক হয়েছে। সে জেলার মাধবপুরের তেলিয়াপাড়া এলাকার ননি দাশ পাইনকার ছেলে। জব্দকৃত মাদক ও পণ্যের মূল্য প্রায় দুই লাখ ৬০ হাজার টাকা।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল তেলিয়াপাড়া এলাকার ১৬নং চা বাগান নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়।

এ সময় টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে ১১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ শুভ পাইনকাকে হাতেনাতে আটক করে।

এছাড়াও, গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরখান বিওপির টহলদল লালটিলা এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলে লুকানো অবস্থায় ১৩১ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করে।

একই দিন সাতছড়ি বিওপির টহলদল সাতছড়ি এলাকার বাজারটিলা নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত অন্যান্য পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর প্রক্রিয়াধীন। পাশাপাশি চোরাচালানী ও মাদক ব্যবসায়ী চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আটক ১,চোরাই পণ্য জব্দ,ভারতীয় মাদক,হবিগঞ্জ সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত