
চাঁদপুরের কোস্ট গার্ড চাঁদপুর নৌ-সীমানার রাজরাজেশ্বর ইউনিয়নে মেঘনা নদীর মিনি কক্সবাজার নামক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, চাঁদপুর মিনি কক্সবাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বোটে তল্লাশি করে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।