অনলাইন সংস্করণ
২০:১৫, ২৬ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধ মজুদ ও বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে জালকুড়ি এলাকায় জেলা প্রশাসন ও র্যাব-১১ এর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
র্যাব জানায়, আব্দুল্লাহ ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করে বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে বাজারজাত করে আসছিল। এ সময় গোডাউনে প্রায় ৫ হাজার লিটার ভোজ্য তেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় পাওয়া যায়।
নারায়ণগঞ্জ র্যাব-১১ এর অপস্ অফিসার রওনক এরফান খান বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান চলবে বলে জানান তিনি।