ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ঝড়ে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জে ঝড়ে গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে পড়ে নাসিমা (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার বালশাবাড়ি পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা ওই গ্রামের অসহায় হাবিবুর রহমানের স্ত্রী।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার ভোর রাতে উত্তর পশ্চিম কোণ থেকে আসা ঝড়ে ওই উপজেলার বালশাবাড়ি পুকুরপাড়া গ্রামের অসহায় কৃষক হাবিবুর রহমানের ঘরের উপর একটি গাছ ভেঙে পড়ে। এতে তার স্ত্রী গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে মাঠের ফসল, কাঁচা ঘর-বাড়ি ও গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা পিআইও মাহবুবুর রহমান ভ’ইয়া জানান, ঝড়ে ঘরের উপর গাছ পড়ে নিহত গৃহবধূ হতদরিদ্র এবং দুপুরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। এদিকে রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টিপাতে ইরি বোরো ফসলসহ গাছপালা ভেঙে পড়েছে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ,ঝড়,গৃহবধূর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত