ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দুর্গাপুরে উন্নয়নবঞ্চনার চিত্র, ডেপুটি স্পিকারের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

দুর্গাপুরে উন্নয়নবঞ্চনার চিত্র, ডেপুটি স্পিকারের হস্তক্ষেপ চায় এলাকাবাসী

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অবহেলিত এই এলাকা এখন উন্নয়নবঞ্চনার বাস্তব উদাহরণ হিসেবে দেখা দিচ্ছে।

দক্ষিণপাড়া মন্দির সংলগ্ন বাচ্চু বিশ্বাসের বাড়ি থেকে আব্দুল আলীর বাড়ি পর্যন্ত প্রায় ৪০০ মিটার এলাকায় বসবাসরত ২৫ থেকে ৩০টি হিন্দু ও মুসলিম পরিবার বছরের পর বছর ধরে চলাচলের উপযোগী কোনো রাস্তা ছাড়াই মানবেতর জীবনযাপন করছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় এখনো কোনো পাকা বা কাঁচা রাস্তা নির্মাণ করা হয়নি। ফলে স্কুল, বাজার কিংবা চিকিৎসার প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে পড়ছেন।

বর্ষা মৌসুম শুরু হলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা থাকে। কাদা ও পানিতে ডুবে যাওয়া পথে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় জরুরি রোগীকেও হাসপাতালে নেওয়া কঠিন হয়ে যায়।

স্থানীয়রা জানান, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—কেউ মারা গেলে শ্মশানে নেওয়ার মতোও উপযুক্ত রাস্তা নেই। ফলে শোকাহত পরিবারের সদস্যদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়, যা তাদের জন্য অত্যন্ত অমানবিক পরিস্থিতি তৈরি করেছে।

এলাকাবাসী দুর্গাপুর-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকারের হস্তক্ষেপ কামনা করে দ্রুত টেকসই রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের আশা, জনপ্রতিনিধির উদ্যোগে দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে।

অন্যদিকে, একই ওয়ার্ডের ঝুমা তালুকদারের রাইস মিল থেকে প্রফেসর মোহনলাল বিশ্বাসের বাড়ি পর্যন্ত এলাকায় পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় বর্ষা এলেই তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি দীর্ঘদিন জমে থাকে, যা পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। এতে মশার উপদ্রব বাড়ছে এবং ডেঙ্গুসহ পানিবাহিত রোগের আশঙ্কাও বাড়ছে।

স্থানীয়রা আরও জানান, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দুর্ভোগ দিন দিন বাড়ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, ‘অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে। বিষয়টি শুনে সত্যিই কষ্ট লাগলো। আমি খোঁজ নিচ্ছি। দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হস্তক্ষেপ চায় এলাকাবাসী,উন্নয়নবঞ্চনার চিত্র,দুর্গাপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত