
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বিদ্যুৎ পাচ্ছে ৩১ বছর ধরে বিদ্যুৎহীন থাকা মাস্টার্স শিক্ষার্থী পারমিতাদের পরিবার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে দীর্ঘদিন দুর্দশায় থাকা পরিবারটির বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা পল্লি বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী রফিকুল ইসলাম-সহ বিদ্যুৎকর্মীরা।
এসময় বিদ্যুৎ লাইন সংযোগে খুঁটি স্থাপনের জায়গা নির্ধারণ করেন ইউএনও, এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এতে কারিগরি কাজ শেষে বিদ্যুৎ পেতে যাচ্ছে পরিবারটি।
এদিকে দুর্দশায় থাকা পরিবারটির পাশে দাঁড়ানোর ও নতুন ঘর নির্মাণ করে দেওয়া আশ্বাসের কথা জানিয়েছে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। দুপুরে তার পক্ষ থেকে প্রতিনিধি দল পরিবারটির খোঁজ নেয়।
এছাড়াও ছাত্র অধিকার, ছাত্র শাক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও এদিন পরিবারটির বাড়িতে হাজির হয়ে খোঁজ নেন।