ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে চালক হত্যা, অটোভ্যানসহ যুবক গ্রেফতার

সিরাজগঞ্জে চালক হত্যা, অটোভ্যানসহ যুবক গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মালতীনগর গ্রামের চালক নাঈম হোসেনকে (২৫) হত্যার পর অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় যুবক শামীম উদ্দিনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। সে তাড়াশ উপজেলার জাহাঙ্গীরগাঁতি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাঈম অটোভ্যান নিয়ে বের হয়ে যায় এবং সে আর রাতে বাড়ি ফিরে আসেনি।

পরদিন বুধবার সকালে ওই উপজেলার খৈচালাবিল পাড়ে তার গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। ওই চালককে গলাকেটে হত্যার পর তার অটোভ্যান ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ বিশেষ অভিযান শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করা হয়। পরে বুধবার রাতে তাড়াশ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার বাঁশঝাড় থেকে ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার করা হয়েছে।

এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

যুবক গ্রেফতার,অটোভ্যান,চালক হত্যা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত