
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঈশ্বরদীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে ঈশ্বরদীতে বর্ণাঢ্য র্যালি ও পথসভার আয়োজন করা হয়। স্ব-স্ব প্রতিষ্ঠান চত্বর থেকে র্যালি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
অন্যদিকে শতবর্ষের ঈশ্বরদীর রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রীদের মালামাল ওঠা-নামার কাজ করে যাদের জীবন চলে, সেই স্টেশন কুলিদের (লাল কুলি নামে পরিচিত) সংগঠন রেলওয়ে স্টেশন কুলি সমিতির নেই কোনো কর্মসূচি। ট্রেন যাত্রীদের মালামাল বহন করে যাদের আয়, ভালো নেই সেই সব লাল কুলিরা। স্টেশনের রেলের সংখ্যা কমে যাওয়ায় কোনোরূপ জীবন ধারণ করে চলছেন তারা। তাই লাল কুলিরা মে দিবসেও বসে বসে অপেক্ষা করছেন ট্রেনের যাত্রীদের জন্য।
বিএনপি আয়োজিত মে দিবসের র্যালিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুল রহমান পলাশ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহীন।
এছাড়াও শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই র্যালিতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলার প্রধান উপদেষ্টা ও পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
এদিকে পাবনা জেলা ট্রাক- ট্রাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ভাষা প্রামানিক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট খামার শ্রমিক সমিতি, ঈশ্বরদী পাবনা সভাপতি রুস্তম আলি সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবলু, ঈশ্বরদী উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন সভাপতি মোসলেম উদ্দিন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সেনেটারী ও প্লাম্বার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. হযরত আলী শেখ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বেসরকারি বিদ্যুৎ উন্নয়ন সমিতি সভাপতি আব্দুর রশিদ সাধারণ সম্পাদক জামানুর আজম চেলা-সহ জাতীয় বিদ্যুৎ শ্রমিক দল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।