ঢাকা শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পাঁচ ইটভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে পাঁচ ইটভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালনার অভিযোগে পাঁচ ইটভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে একটি ইটভাটার কিলন গুঁড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার প্রায় দিনভর ওই ২ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

পৃথক অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার রুহুল আমিন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার প্রায় দিনভর ওই ২ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উল্লাপাড়া উপজেলার চরিয়াশিকা এলাকার মেসার্স সুফিয়া ব্রিকসের মালিককে ২ লাখ টাকা, কামারখালি এলাকার মেসার্স রুহি ব্রিকসকে ২ লাখ, মেসার্স রাণীনগর ব্রিকসকে (এমআরএনবি) ১ লাখ এবং মেসার্স আশা ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া রায়গঞ্জ উপজেলার বিলচন্ডি এলাকার মেসার্স তানজিলা ব্রিকসের গ্যাসের প্রভাবে আশপাশের কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় মালিককে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি ভাটার কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ,ইটভাটা মালিক,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত