
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান ময়নুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান। তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ১২ ডিসেম্বর তাড়াশ উপজেলার বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। এ সময় আওয়ামী লীগ নেতা আবদুল আজিজের নির্দেশে অন্য আসামিরা সশস্ত্র হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল আজিজসহ ৯৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও প্রায় ৩০০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তাড়াশ উপজেলার বড়পওতা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান ময়নুল হককে গ্রেপ্তার করা হয়।